বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি বেকারিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে।
অভিযোগের সত্যতা মিললে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন