আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৮টি কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী কলেজিয়েট স্কুল, প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মহানগরীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠান।
আরএমপি জানিয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন