রাজশাহী জেলা প্রশাসক

কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৩৮ পিএম
কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কম সময় ও কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কোনো বিকল্প নেই। তিনি গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে ইতিবাচক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছালে বিচার প্রক্রিয়া সহজ হবে, মামলা জট কমবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধই বেশি ঘটে, যা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। কিন্তু সচেতনতার অভাবে অনেকে থানা বা জেলা আদালতে গিয়ে সময় ও অর্থ অপচয় করেন।

সভা পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করা, তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং সেবা সহজলভ্য করার বিষয়ে মতামত দেন।

এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মিতা সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, আনসার ভিডিপির সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন। সভায় এনজিও ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের সমন্বয় সভা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন