জিয়াউদ্দিন হায়দার

হাম প্রতিরোধে সমন্বিত টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:০২ পিএম
হাম প্রতিরোধে সমন্বিত টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ ও বিতরণ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তথ্য প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার সকাল ১০টায় ঝালকাঠি শহরের আবদুল ওহাব গাজী শিশু বিদ্যালয় প্রাঙ্গণে হাম-রুবেলার তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনা থাকলেও পরিবার পরিকল্পনা ও ইমিউনাইজেশন কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশংসিত। ২০২৫ সালের মধ্যে দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের টিকাদান রাউন্ড বাস্তবায়ন না হওয়ায় লক্ষ্য পূরণ হয়নি। বর্তমানে আক্রান্ত শিশুদের প্রায় ৮২ শতাংশই পাঁচ বছরের নিচে, যা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তুলেছে।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, জরুরি ভিত্তিতে ইতোমধ্যে ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ ইমার্জেন্সি টিকাদান রাউন্ড চালু করা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত আওতায় আনা যায়। একটি শিশুও যদি হামে মারা যায়, সেটি পুরো জাতির জন্য সম্মিলিত ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, টিকা সংগ্রহে ধীরগতি, মাঠপর্যায়ে তদারকির ঘাটতি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান জোরদার না হওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করতে কাজ করছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, UNICEF, World Health Organization এবং Asian Development Bank–এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্রুত টিকা সরবরাহ, অগ্রাধিকারভিত্তিক টিকাদান এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর প্রস্তুতি, আইসোলেশন ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন। ডা. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক তাপস কুমার শীল, সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক মো. ইফতেখার আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অ্যাড. মো. সৈয়দ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ ইমাম পাশা।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অতীতে বিভিন্ন জনস্বাস্থ্য সংকট সফলভাবে মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। দৃঢ় নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বর্তমান পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন