বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তাদের পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অভিযোগ উঠেছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক এই ব্যবস্থা নেয় প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তদন্তে সত্যতা পাওয়ায় ওই দুজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এছাড়া অনিয়মের অভিযোগে শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সুশেন মন্ডলকেও গত ২১ এপ্রিল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদন করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন