কেন্দুয়ায় ঘরবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৫:২০ পিএম
কেন্দুয়ায় ঘরবাড়ি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুমুরুরা গ্রামে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। 

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলাইশিমুল ইউনিয়নের ভুক্তভোগী মো. আব্দুল খালেক ও তার স্ত্রী নুরুন্নাহার খানম তাদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন।

নুরুন্নাহার খানম অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী শিবনাথ চক্রবর্তী ওরফে ভুলন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। পরিকল্পিতভাবে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ঘরবাড়ি হারিয়ে এবং নিরাপত্তার অভাবে তারা এখন চরম অসহায়ত্বের মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও দাবি করেন, স্থানীয় প্রশাসনের কাছে বারবার ধরণা দিয়েও তারা কোনো কার্যকর আশ্বাস পাননি। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে তারা জীবনের নিরাপত্তা ও নিজেদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

পরিবারটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা প্রার্থনা করেছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর