উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সাত মাস আগে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে দেশের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু সেই স্বপ্ন নৃশংস হত্যাকাণ্ডে বিলীন হয়ে গেল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা ইসলাম বৃষ্টি। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত নাহিদা ইসলাম বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দের মেয়ে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য গত সাত মাস আগে ফ্লোরিডায় যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার (২৫ এপ্রিল) পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন্দ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় সপরিবারে ঢাকায় বসবাস করলেও প্রতি বছর ঈদের ছুটিতে তারা গ্রামে আসতেন। এলাকায় অত্যন্ত নম্র ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন বৃষ্টি।
বৃষ্টির অকাল ও নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি চরগোবিন্দপুর। বৃষ্টির চাচা দানিয়াল আকন্দ ও চাচাতো বোন তুলি আকন্দসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা কোনোভাবেই এই মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না। গ্রামবাসী ও স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বৃষ্টির মরদেহ দেশে আনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার জানান, "পরিবারের পক্ষ থেকে আবেদন করলে যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।"
বুকভরা আশা নিয়ে বিদেশ যাওয়া বৃষ্টির এমন বিয়োগান্তক বিদায় কেবল তার পরিবার নয়, পুরো মাদারীপুর জেলাকেই শোকাতুর করে তুলেছে। এখন প্রিয়জনের শেষ মুখটি দেখার অপেক্ষায় দিন গুনছেন তার স্বজনরা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন