ঝালকাঠিতে দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫৭ পিএম
ঝালকাঠিতে দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠিতে আবার চালু হয়েছে যমুনা ওয়েল ভাসমান বার্জ ডিপো। রোববার দুপুরে ডিজেল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন মো. জসিম উদ্দিন, জেনারেল ম্যানেজার (অপারেশন্স), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল বাশার ডিপোর ডিএস,  মীর আহসান পারভেজ বিভাগীয় সাধারণ সম্পাদক ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল  এবং জয়ন্ত কুমার সাহা পরিচালক ঝালকাঠি চেম্বার অব কমার্স।

ডিপো কর্তৃপক্ষ জানায়, মেরামত কাজের কারণে প্রায় দুই বছর ধরে এই ভাসমান বার্জ ডিপো থেকে ডিজেল সরবরাহ বন্ধ ছিল। পুনরায় চালুর প্রথম দিনেই তালিকাভুক্ত ডিলারদের কাছে ১২ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। বর্তমানে ডিপোতে প্রায় সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুত রয়েছে এবং এখন থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকবে।

ডিপোটি চালু হওয়ায় জেলার কৃষকদের জ্বালানি সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এএন