সড়কবাতিতে আলোকিত হচ্ছে ঝালকাঠি পৌর শহর

বীথি শর্মা বনিক, ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪৫ এএম
সড়কবাতিতে আলোকিত হচ্ছে ঝালকাঠি পৌর শহর

ঝালকাঠি পৌর শহরের প্রতিটি সড়ক ও অলিগলি আলোকিত করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে পৌর প্রশাসন। এরই মধ্যে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার লাইটপোস্টে ৩ হাজার ৯৩১টি সড়কবাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের ৯টি ওয়ার্ডের সব লাইটপোস্টে বাতি স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

তিনি বলেন, পৌর এলাকার সব রাস্তাঘাট আলোকিত ও নিরাপদ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আধুনিক এলইডি বাতি ব্যবহার করা হচ্ছে, যা বিদ্যুৎ বিল কমাতে সহায়ক হবে।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক জানান, শুধু সড়কবাতি স্থাপনই নয়, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও কাজ চলছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়া সাংবাদিক সংস্থা, মিডিয়া ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পৌরসভার সচিব, প্রকৌশলীসহ বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও নাগরিক সেবার মানোন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি