টুঙ্গিপাড়ায় নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৩২ পিএম
টুঙ্গিপাড়ায় নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলার গোপালপুর বাজার এলাকায় টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির আয়োজনে এবং সিসিডিবি সিপিআরপি-এর সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আয়োজিত মানববন্ধনে সিসিডিবির সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। জনস্বাস্থ্য রক্ষায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যারা খাদ্যে ভেজাল মেশাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী। এ ছাড়া সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়ার ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানমসহ সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি সুস্থ ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে কর্মসূচিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

জেএইচআর