ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর কলাবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:৫৪ পিএম
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর কলাবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় রেললাইনের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার সদর উপজেলার বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে স্থানীয় বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বোনের মধ্যে আইরিন সবার ছোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে কাফুরা এলাকায় রেললাইনের পাশে স্থানীয়রা দুর্গন্ধ পায়। পরে কলাবাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। দীর্ঘ সময় পার হওয়ায় মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর