নেত্রকোণায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের ফাঁসি

গোলাম কিবরিয়া, নেত্রকোণা প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৩৩ পিএম
নেত্রকোণায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের ফাঁসি

নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীনকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে রতন মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুড়িয়া মরাগঙ্গার পাশে বাবুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া এই খুনের পরিকল্পনা করেন বলে জানা যায়। নিহত বাবুল মিয়া সাতপাই রেলক্রসিং এলাকায় ভাড়া বাসায় থেকে কসমেটিক ব্যবসা করতেন।

হত্যার পরদিন নিহতের ছোট ভাই শামীম মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত রতন মিয়াকে গ্রেফতার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

জেএইচআর