টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের লিফটে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা এবং তিনি ডায়াবেটিসজনিত সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের পরিবার জানায়, হাসপাতালের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। সিলিন্ডারটি তাঁর বেডের কিনারায় অরক্ষিত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছিল।
নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছালে রোগী ও স্বজনরা বের হওয়ার সময় ধাক্কা লেগে সিলিন্ডারটি মিজানুরের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা এই মৃত্যুর জন্য হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, সিলিন্ডারটি যথাযথভাবে সুরক্ষিত না রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ বিষয়টিকে একটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।
তবে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু স্বীকার করেছেন যে, ঘটনাটি যেভাবে ঘটেছে তা সম্পূর্ণ অব্যবস্থাপনা। তিনি জানান, বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন