গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:০৪ পিএম
গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ রামনগর বাগান পাড়ার মইদুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে কুরআন পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে শাকিল আহমেদ তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই শাকিল পলাতক ছিলেন। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, গ্রেপ্তারকৃত শাকিলকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে পরবর্তীতে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জেএইচআর