ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:৩৬ পিএম
ভূঞাপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার খানুরবাড়ি ও রাজাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খানুরবাড়ি গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, রাজাপুর গ্রামের জামাল শেখের ছেলে রফিকুল এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, তারা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় খানুরবাড়ি ও রাজাপুর গ্রাম থেকে ওই তিনজনকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএইচআর