বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)  প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:৪৮ পিএম
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাটী মোহন ও নলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ডাঙ্গাহাটী মোহন এলাকার মো. রফিকুল মন্ডল (৫৩) এবং নলিয়া এলাকার শম্ভু কুমার চূর্ণকারকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উভয় আসামিকে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় রাজবাড়ী জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থাও অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

এএন