নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টসহ ডজন মামলার পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে এবং অবরুদ্ধ করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, শামীমকে ছিনিয়ে নেওয়ার পর গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান পরিচালনা করে। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়। শামীম মিয়ার বাড়ি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ জানতে পারে, চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হলে শামীমের অনুসারীরা পুলিশের ওপর মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন