রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:৩৯ পিএম
রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ লক্ষ্যে পরিচ্ছন্ন বিভাগ ১০ দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়ে নগরীর ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ করছে।

সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর তেরখাদিয়া এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী ক্যান্টনমেন্টের শহীদ কর্নেল জাহিদ গেট সংলগ্ন এলাকায় বড় এক্সকাভেটর দিয়ে পরিচালিত কাজ তদারকি করেন তিনি।

এ সময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে বর্ষাকালে নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাসিক সূত্রে জানা গেছে, বিশেষ কর্মপরিকল্পনার আওতায় বর্ণালীর মোড় থেকে বাইশ বিঘা হয়ে সিটি হাট পর্যন্ত বড় এক্সকাভেটর দিয়ে প্রাইমারি ড্রেন পরিষ্কার করা হচ্ছে। এছাড়া আপেল ডেকোরেটর থেকে ডিঙ্গাডোবা রেলক্রসিং এবং ঝাউতলা মোড় থেকে ভাটাপাড়া হয়ে মহিষবাথান কবরস্থান পর্যন্ত ছোট এক্সকাভেটর দিয়ে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে।

এ ছাড়া মুথুরডাঙ্গা থেকে বাইশ বিঘা এবং নেসকোর পেছন থেকে হরিজন পল্লী পর্যন্ত শ্রমিকের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডের ছোট ও মাঝারি ড্রেনও ওয়ার্ডভিত্তিক শ্রমিক দিয়ে পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে রাসিক।

এএন