কোম্পানীগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা সুফির ইন্তেকাল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:১০ পিএম
কোম্পানীগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা সুফির ইন্তেকাল

নোয়াখালীর বসুরহাটের আশরাফুল উলূম (কওমী) মাদ্রাসার প্রধান শিক্ষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি, প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ছেলে মাওলানা আহমদ।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি এবং চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন এবং পরবর্তীতে ফেনীর সোনাগাজী দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে তিনি বসুরহাট আশরাফুল উলূম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৫৮ বছর তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সহজ-সরল জীবনযাপনের কারণে শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে “সূফি” উপাধিতে ভূষিত করেন।

পারিবারিক জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তাঁর মেজো ছেলে আহমদুল হাসান বর্তমানে আশরাফুল উলূম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র-শিক্ষক, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম জি