রামদা-চাপাতি নিয়ে র‌্যাবের ওপর হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:৫৩ এএম
রামদা-চাপাতি নিয়ে র‌্যাবের ওপর হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগ এলাকায় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাব-১১ এর তিন সদস্য আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অতিরিক্ত র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যৌথ অভিযান শুরু করে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া খাল এলাকার আশপাশে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর একটি দল তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য সাদা পোশাকে ওই এলাকায় প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিছু সময়ের মধ্যেই ৮ থেকে ১০ জনের একটি দল চাপাতি ও রামদা নিয়ে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন সদস্য মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

র‌্যাব ও পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, ঘটনার পর এলাকা ঘিরে অভিযান চালানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে অস্থির হয়ে আছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ চলাচলে ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ তাদের।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অভিযান চলমান থাকবে।

এএন