মোহনগঞ্জে গুদামে অভিযান: ৮ লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:১৩ পিএম
মোহনগঞ্জে গুদামে অভিযান: ৮ লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের খলিফাপট্টি এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে পুলিশ। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। এ সময় সোহেল মিয়া (৩২) নামে এক জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে পৌরশহরের খলিফাপট্টি এলাকার জব্বার মার্কেটের একটি গুদামে এই অভিযান চালানো হয়। আটক সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মোহনগঞ্জে দোকান ভাড়া নিয়ে অবৈধ জাল বিক্রি করে আসছিলেন। বুধবার রাতে একটি ট্রাকে করে জালের নতুন চালান এনে গুদামে নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। জব্দকৃত জালের মধ্যে ২৩৪টি বড় ও ১১৪টি ছোট চায়না দুয়ারি জাল রয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জালের ব্যবহারের ফলে হাওরের মা মাছ ও পোনা মাছ নির্বিচারে নিধন হচ্ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জলজপ্রাণি ও হাওরের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, মোহনগঞ্জ এলাকাটি এসব জালের অন্যতম আড়ৎ হিসেবে পরিচিত, যেখান থেকে আশপাশের উপজেলাগুলোতে জাল সরবরাহ করা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই অবৈধ জালের কারণে হাওরের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশীয় মাছ বিলুপ্ত হয়ে পড়বে।

আটককৃত সোহেল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।

জেএইচআর