নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৭ দালালের কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:২৬ পিএম
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৭ দালালের কারাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংলগ্ন কম্পিউটার দোকানগুলোতে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাসপোর্ট সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালির অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে ও পাশের দোকানগুলোতে অবস্থানরত দালালদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটককৃত ৭ জনের মধ্যে অপরাধের ধরণ অনুযায়ী চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেএইচআর