যশোরের চৌগাছায় ৫০ পিস ইয়াবাসহ আমিরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম পাশাপোল ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনূর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর এলাকার মেসার্স সরদার ব্রিকস ইটের ভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমিরুল ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৪ আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, দিঘলসিংহা গ্রামের রাকিব হোসেন (৩৩), খড়িঞ্চা গ্রামের আলামিন হোসেন মন্ডল (৩৪), আড়শিংড়া গ্রামের মন্টু হোসেন মন্ডল (৩৮) এবং নগর বর্ণি গ্রামের আবু হোসেন (৪০)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনূর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্যসহ আটককৃত মোট ৫ আসামিকে বৃহস্পতিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন