ঈদুল আজহা উপলক্ষে হিলি বাজারে মসলার জমজমাট বেচাকেনা, কমেছে দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:০২ পিএম
ঈদুল আজহা উপলক্ষে হিলি বাজারে মসলার জমজমাট বেচাকেনা, কমেছে দাম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে মসলার বেচাকেনা উৎসবমুখর হয়ে উঠেছে। ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি হওয়ার ফলে গত বছরের তুলনায় প্রায় সব ধরনের মসলার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

শনিবার হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মসলার দামই নিম্নমুখী। গত কোরবানির ঈদে যে সাদা এলাচ প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

একইভাবে জিরার দাম কেজি প্রতি ৬৩০ টাকা থেকে কমে ৫৬০ টাকায় নেমে এসেছে। এ ছাড়া লবঙ্গ ও গোলমরিচের দামও গত বছরের তুলনায় বেশ কম।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা জানান, হিলি বন্দর দিয়ে সরাসরি আমদানিকৃত মসলা পাওয়া যায় বলে এখানকার বাজারে দাম তুলনামূলক কম থাকে। স্থানীয় ক্রেতা নূর আলম বলেন, সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কম পাওয়া যাচ্ছে এবং জিরার দামও সাধারণের সাধ্যের মধ্যে রয়েছে। ঈদকে কেন্দ্র করে কম দামে মানসম্মত মসলা কিনতে পেরে তারা আনন্দিত।

মসলা ব্যবসায়ী মোকাররম জানান, নিয়মিত আমদানির ফলে বাজারে কোনো সংকট নেই এবং সরবরাহ প্রচুর থাকায় দাম স্থিতিশীল রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের আনাগোনা তত বাড়ছে। বেচাকেনাও বেশ সন্তোষজনক এবং সামনের দিনগুলোতে বিক্রি আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

জেএইচআর