দিনাজপুর জেলায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালাটি সম্পন্ন হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক হজ ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে হজ প্রক্রিয়াকে আরও সহজ করা যায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক। তিনি হজ পালনের গুরুত্ব এবং সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার বিভিন্ন ইতিবাচক ও নিরাপদ দিকগুলো তুলে ধরেন। এ সময় সরকারি মাধ্যমে হজে গমনের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের খতিব মাওলানা মতিউর রহমান কাসেমী।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ মানুষ যাতে ঘরে বসেই সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান অনলাইনে হজের প্রাক-নিবন্ধন, চূড়ান্ত নিবন্ধন পদ্ধতি, ভাউচার তৈরি এবং সহজ উপায়ে পেমেন্ট সম্পন্ন করার কৌশলগুলো অংশগ্রহণকারীদের সামনে আলোকপাত করেন।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হজ প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একইসঙ্গে দিনাজপুর জেলা থেকে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে স্বচ্ছ হজ ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন