কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার চকরিয়া থানার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং ২ জন নিয়মিত মামলার আসামি।
আটককৃতরা হলেন- মো. রিদুয়ান, মো. খাইরুল ইসলাম বাবু, গিয়াস উদ্দিন, মো. এনাম, আব্দুল হামিদ, আলী আহম্মদ, মোজাম্মেল হক, আবদুল করিম, আনু বেগম, শওকত ইসলাম, মো. বেলাল, হারুনর রশিদ ও বেলাল।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় সক্রিয় অপরাধী চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত এবং মৎস্য ঘের বা ঘোনা দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের দমনে এই অভিযান শুরু হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন