হুইপ দুলু

দেশের সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৬:৪০ পিএম
দেশের সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

শনিবার নাটোরের নলডাঙ্গা পৌরসভা এলাকায় বিভিন্ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, বর্তমান সরকার অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং এর ফলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে দেশের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের নেতা সংসদে স্পষ্টভাবে বলেছেন যে বিরোধী দল ও সরকারি দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা এবং নাটোর সদর দলিল লেখক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। একই সঙ্গে প্রয়াত দলিল লেখকদের পরিবারের মাঝে অনুদানের ভাতা প্রদান করা হয়।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএইচআর