বাগেরহাটে বিএনপির হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ

এইচ এম মইনুল ইসলাম, বাগেরহাট প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:৫৪ পিএম
বাগেরহাটে বিএনপির হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ

বাগেরহাটে বিএনপির ত্যাগী নারী নেত্রীদের অবমূল্যায়ন ও সুবিধাবাদী ‘হাইব্রিড’ নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ তুলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার।

রোববার বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

এসময় জেলা বিএনপির সদস্য রুনা গাজী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভাসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাহিদা আক্তার বলেন, ৫ আগস্টের পরে বাগেরহাটের রাজনীতিতে জেলায় রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা নামের এক নারী নেত্রীর আবির্ভাব ঘটেছে, যিনি নিজেকে পাইলট পরিচয়ে পরিচিত করলেও অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন শাহিদা আক্তার।

তার অভিযোগ, আওয়ামী লীগ আমলে প্রভাব-প্রতিপত্তি ও আর্থিক সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

শাহিদা আক্তার বলেন, “প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সব সময় মূল্যায়ন করেন। যেসব হাইব্রিড নেতা-নেত্রীরা দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলকে সমৃদ্ধ করবেন বলে আমি বিশ্বাস করি।”

এএন