আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন সূফি নজরুল ইসলাম ভূঁইয়া দরবেশ খসরু। ‘মা-বাবার সেবা কেন্দ্র’ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।
রোববার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে আসা অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের প্রায় পাঁচটি সরকারি ও বেসরকারি হাসপাতালের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। তারা মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম, নাক-কান-গলা, দন্ত, চক্ষু ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ছাড়া ঢাকা ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরাও ক্যাম্পে অংশ নিয়ে চোখের ছানি রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিবছরই এমন উদ্যোগ নেন নজরুল ইসলাম খসরু। তার এ মানবিক কার্যক্রম সমাজের বিত্তবান ও সচেতন মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সূফি নজরুল ইসলাম ভূঁইয়া দরবেশ খসরু বলেন, দীর্ঘদিন ধরে আমি অসহায়, শয্যাশায়ী ও পরিত্যক্ত মা-বাবার সেবায় কাজ করছি। মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই মা দিবস উপলক্ষে চেয়েছি, অন্তত একদিন হলেও সাধারণ মানুষ যেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পায়।

তিনি আরও বলেন, শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, ভবিষ্যতে আমি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই, যেখানে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। সরকারি সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করতে চাই। আমি বিশ্বাস করি, মানুষের সেবার চেয়ে বড় ইবাদত আর নেই।
তিনি বলেন, আমার জীবনের প্রতিটি সময় মানবসেবার জন্য ব্যয় করতে চাই। নিজের সহায়-সম্পদ বিক্রি করেও যদি অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
স্থানীয় বাসিন্দারা বলেন, শ্রীপুরের প্রত্যন্ত এলাকায় এত বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন খুবই বিরল ঘটনা। এতে দরিদ্র মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন