মধু আহরণের সময় বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:১২ এএম
মধু আহরণের সময় বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল

সুন্দরবনে মধু আহরণের সময় বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। পরে অন্য মৌয়ালদের সহযোগিতায় তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার দিকে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে।

আহত মৌয়ালের নাম বাবলু গাজী (৪০)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল রোববার সকালে সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। কাজ চলাকালীন হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে বের হয়ে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে আহত বাবলু গাজীকে দ্রুত উদ্ধার করে লোকালয়ের দিকে আনা হয়। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।”

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএন