প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি সি র্যাপটর’ নামের একটি জাহাজ। সিঙ্গাপুর থেকে আনা এই ডিজেলবাহী জাহাজটি সোমবার সকাল ১১টার দিকে কুতুবদিয়া এলাকায় নোঙর ফেলে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আনা ডিজেল প্রথমে লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে ছোট জাহাজে স্থানান্তর করা হবে। পরে তা পতেঙ্গার ডলফিন জেটিতে নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
এর আগে, গত বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম অপরিশোধিত তেলের চালান। এসব তেল রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হচ্ছে।
ক্রুড অয়েলের মজুত সংকট দেখা দেওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত তেল পাতন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিপিসি সূত্র জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। মজুত বৃদ্ধি করার পাশাপাশি বিকল্প রুট ও নতুন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন