নেত্রকোণায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৪৮ পিএম
নেত্রকোণায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখা ও নার্সিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এই র‍্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

র‍্যালি শেষে হাসপাতাল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় নার্সদের অনবদ্য ভূমিকা ও তাদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল আমীন।

জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিউটি রানী রায় ও নার্সিং তত্ত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন।

শিক্ষার্থী মুর্শেদা আক্তার বৃষ্টি ও রাহিমা আক্তার লাকির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেএইচআর