গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়ায় ঢাকাগামী রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এতে ট্রেনযাত্রী ও সড়কপথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বুধবার সকালে উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় রাস্তার বেহাল অবস্থার কারণে একটি মালবাহী ট্রাক রেললাইনের পাশে আটকে পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে ঢাকাগামী রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে পরিস্থিতি আংশিক স্বাভাবিক করা হয়। তবে সড়কের খারাপ অবস্থা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এখনো কালিয়াকৈর-ধামরাই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
ঘটনার বিষয়ে গাজীপুর রেলওয়ের উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেনটি সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে দীর্ঘ যানজটের কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা গেছে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা দ্রুত রেলক্রসিং এলাকার রাস্তা সংস্কার ও যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন