পঞ্চগড় পৌরসভা টিকাদান কেন্দ্রে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম
পঞ্চগড় পৌরসভা টিকাদান কেন্দ্রে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন

সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ। 

বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রের নির্ধারিত স্থানে এ কর্নারের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকুরিয়া পারভীন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিকাদান কেন্দ্রে আসা মায়েরা জানান, আগে শিশুদের নিয়ে টিকা দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। কিন্তু শিশুদের দুধ পান করানোর জন্য আলাদা কোনো গোপনীয় কক্ষ না থাকায় তাদের চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো।

সেবাগ্রহীতা আমেনা বেগম বলেন, আগে বাচ্চাকে নিয়ে এখানে আসলে দুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। এখন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এতে আমাদের অনেক সুবিধা হবে।” কুলসুম নামে আরেক মা বলেন, “টিকা নিতে এসে অনেক সময় এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। শিশুদের কান্নাকাটি সামলানো কঠিন হয়ে পড়ত। এখন নতুন এই ব্যবস্থায় অনেক স্বস্তি মিলবে।

পৌরসভার প্রশাসক সীমা শারমিন জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি লক্ষ্য করেন যে টিকাদান কেন্দ্রে আসা মায়েরা শিশুদের নিয়ে বেশ সমস্যায় পড়েন। বিশেষ করে শিশুদের দুগ্ধপানের জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বিষয়টি বিবেচনা করে চলতি অর্থবছরে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় এই ‘ব্রেস্ট ফিডিং কর্নার’টি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দুই বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে আসা মায়েরা এখন থেকে এখানে স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কক্ষটি পরিদর্শন করেন এবং পৌরসভার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

জেএইচআর