স্বামী-সন্তান রেখে নিখোঁজ বাউল শিল্পী, প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:০৯ পিএম
স্বামী-সন্তান রেখে নিখোঁজ বাউল শিল্পী, প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে তিন সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়াকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তিনি স্বামী-সন্তান রেখে এক যুবকের সঙ্গে চলে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ১০ মে বাড়ি থেকে বের হন সুমাইয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে মা হারিয়ে তিন শিশু সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্বজনরা।

সুমাইয়ার স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা একসঙ্গে সংসার করে আসছিলেন। গান-বাজনার মাধ্যমেই চলত তাদের জীবিকা। তার দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার যোগাযোগ ছিল।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে সুমাইয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গেও যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক শাহ আলম হৃদয় বলেন, সাংস্কৃতিক অঙ্গনের একটি পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটায় এলাকায় নানা আলোচনা চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জেএইচআর