এমপি এনামুলকে সংবর্ধনা দিল পিঙ্গলা বুধপুরা বিদ্যালয়

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৩:০৬ পিএম
এমপি এনামুলকে সংবর্ধনা দিল পিঙ্গলা বুধপুরা বিদ্যালয়

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামকে সংবর্ধনা দিয়েছে পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য শামশুল আনোয়ার খান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, তাঁরা অতীত নিয়ে কথা কম বলতে চান। তাঁদের চিন্তা ভবিষ্যৎ নিয়ে। তাঁরা একটি সুন্দর, সমৃদ্ধ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চান। তিনি আরও বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা শিক্ষিত না হলে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।

সংসদ সদস্য আরও বলেন, তিনি নির্দিষ্ট একটি দল থেকে নির্বাচিত হলেও তিনি সবার এমপি। দল-মত নির্বিশেষে সবার আহ্বানে তিনি সাড়া দেবেন। তিনি সবাইকে সাথে নিয়ে সবার জন্য কাজ করতে চান। এ ছাড়া তিনি মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মঈনুল আলম ছোটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর জাকের আহমদ, বিএনপি নেতা গাজী রেজাউল করিম ও আবুল বশরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে সংসদ সদস্য এনামুল হক এনামের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেএইচআর