লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এই সময় তাঁর হেফাজত থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাব্বির বিন শামস। এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর তাঁর চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে দহগ্রাম এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন