রাজারহাট উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রাফিক মোড়ে জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগে পড়েছেন পথচারী ও ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, আশপাশের সকল সড়ক মেরামত করা হলেও শুধু মদিনা টেলিকম সার্ভিসিং থেকে ট্রাফিক মোড় পর্যন্ত আনুমানিক ১০০ ফুট সড়ক মেরামত করা হয়নি। তাই আশপাশের সড়কের তুলনায় সড়কটি অনেক নিচু হয়ে রয়েছে। নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
সড়কসংলগ্ন গ্রীন কর্নারের প্রোপ্রাইটর আবু সায়েম বলেন, আশপাশের সড়কগুলো সংস্কার হওয়ায় এই সড়কটি অনেক নিচু হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ক্রেতা কমে যাওয়ায় আমরা হতাশায় আছি।
অটোরিকশাচালক আলমগীর হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলা শহরের কোথাও পাকা সড়কে জলাবদ্ধতা নেই, অথচ ট্রাফিক বক্স মোড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
মা মেডিসিন কর্নারের মালিক জিয়াউর রহমান লেবু জানান, আমার দোকানের ডানে ও বামে সড়ক মেরামতের কাজ চললেও শুধুমাত্র এই অংশের সড়কের মেরামত কাজ হচ্ছে না।
নবাব বিরিয়ানি হাউসের শাওন জানান, দোকানের সামনে কাদাপানি জমে আছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পড়ে।
ট্রাফিক মোড় থেকে মদিনা টেলিকম পর্যন্ত সড়কের মেরামত কাজের বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, অবশিষ্ট উল্লেখিত সড়কের কাজ আলাদা প্যাকেজে করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন