নড়াইলের লোহাগড়ায় ২ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:২৬ পিএম
নড়াইলের লোহাগড়ায় ২ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

রোববার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। পরে লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। একই দিনে দুটি খালের পুনঃখনন উদ্বোধন সম্পন্ন হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ১.৭৫০ কিলোমিটার দীর্ঘ এই দুই খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩ হাজার ৬২৯ টাকা। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার এবং লাহুড়িয়া খাল ১১০০ মিটার খনন করা হবে।

স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা জানান, খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ায় ফসলি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রাখা গেলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে সেচ সুবিধা মিলবে, ফলে বোরো ও রবি ফসলের উৎপাদন বাড়বে।

এছাড়া খালে মাছ চাষের সুযোগ তৈরি হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি আয়ও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “খাল আপনাদের সম্পদ। কাজের গুণগত মান নিশ্চিত করতে এলাকাবাসীকে নজর রাখতে হবে। কোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এএন