১৪৪ ধারা অমান্য করে গ্রাফিতি আঁকার চেষ্টা, পুলিশ-শিক্ষার্থী ধস্তাধস্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:০৯ পিএম
১৪৪ ধারা অমান্য করে গ্রাফিতি আঁকার চেষ্টা, পুলিশ-শিক্ষার্থী ধস্তাধস্তি

চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় ১৪৪ ধারা চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি অঙ্কনের চেষ্টাকালে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়েছে একদল শিক্ষার্থী।

সোমবার দুপুরে ব্যস্ততম ওই এলাকায় রঙ নিয়ে জড়ো হওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকজন পুলিশ সদস্যের গায়ে রঙ ঢেলে দেয়। পরে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে নিজেদের জিম্মায় নেয়।

এর আগে সোমবার সকালে চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সূত্র জানায়, চসিক মেয়রের নির্দেশে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে—এমন অভিযোগে রোববার রাতে মুখোমুখি অবস্থানে যায় এনসিপি এবং বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। এর ধারাবাহিকতায় নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায়, সে কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে সোমবার দুপুরে নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে অনেক সময় মহানগরীর বিভিন্ন দেয়ালে অঙ্কন করা জুলাই গ্রাফিতিগুলো মুছে গিয়েছিলো, আবার কোথাও কোথাও পোস্টারের নিচে ঢাকা পড়ে গিয়েছিলো। যার কারণে নগরীর সৌন্দর্যবর্ধনে এসব গ্রাফিতি নতুন করে আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে নান্দনিকভাবে আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্পোরেশন থেকে গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মেয়র।

জেএইচআর