রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসে ঝটিকা অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিস্তা-রংপুর মহাসড়কে ঢাকাগামী ‘আহসান পরিবহন’ নামের একটি বাসে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম অহিদুল ইসলাম (৪৪)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অহিদুল ইসলামের কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন মাদকসহ কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন