রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ঘিরে আলোচিত নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ায় আরও একটি ভয়াবহ হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার নিজ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর গলাকাটা মরদেহ।
বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার (৪৫)। তিনি ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে হঠাৎ ঘরের বাইরে শব্দ শুনে বিধান চন্দ্র রায় জেগে ওঠেন। কিছুক্ষণ পর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সেখানে গিয়ে তিনি দেখতে পান, রীতা রানী মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পুরো এলাকা মুহূর্তেই আতঙ্কে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির প্রধান দরজা খোলা অবস্থায় ছিল বলে জানান নিহতের স্বামী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে শয়নকক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বগুড়া জেলা পুলিশের গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন