স্বাধীনতার ৫২ বছরেও হিমাগার মেলেনি ময়মনসিংহে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:০১ পিএম
স্বাধীনতার ৫২ বছরেও হিমাগার মেলেনি ময়মনসিংহে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলাদেশের অন্যতম কৃষি সমৃদ্ধ জেলা ময়মনসিংহে আধুনিক কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলার প্রায় ১ কোটি মানুষের প্রাণের দাবি এখন কৃষিপণ্য সংরক্ষণের টেকসই ব্যবস্থা গড়ে তোলা। কৃষক, ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কোল্ড স্টোরেজ স্থাপন করা না হলে কৃষিতে অপচয় ও লোকসান আরও বাড়বে।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদরে কৃষি জমির পরিমাণ ২৬ হাজার৫৭১ হেক্টর। এর মধ্যে প্রায় ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। জেলায় কৃষকের সংখ্যা প্রায় ১০ লাখ ১৯ হাজার ৯৫৬ জন এবং শস্য নিবিড়তা ২১৭.৫ শতাংশ। এত বিপুল উৎপাদন ও কৃষক থাকা সত্ত্বেও স্বাধীনতার ৫২ বছরেও জেলায় কোনো আধুনিক হিমাগার গড়ে ওঠেনি।

সংশ্লিষ্টরা জানান, উৎপাদিত শাকসবজি ও ফল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মৌসুমের সময় কৃষকরা বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করেন। সংরক্ষণ সুবিধার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা যেমন আর্থিক ক্ষতির শিকার হন, তেমনি বাজারেও দামের অস্থিরতা তৈরি হয়।

কৃষি বিশেষজ্ঞদের মতে, জেলায় আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। এর মাধ্যমে সবজি ও ফল দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব হবে এবং খাদ্য অপচয় কমে যাবে। কৃষকরা তৎক্ষণাৎ কম দামে পণ্য বিক্রি না করে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ পাবেন, ফলে তাঁদের লাভ বাড়বে। পাশাপাশি বাজারে সারা বছর পণ্যের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য বিদেশে রপ্তানির পথও সুগম হবে।

কৃষকরা বলছেন, সংরক্ষণ সুবিধা থাকলে ক্ষতির ভয় কমবে এবং তাঁরা আরও বেশি উৎপাদনে আগ্রহী হবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও প্রয়োজন অনুযায়ী পণ্য মজুত করে পরে বাজারজাত করতে পারবেন।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণেও কৃষকরা প্রতিবছর ক্ষতির মুখে পড়ছেন। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কোল্ড স্টোরেজ স্থাপনের পাশাপাশি খাল খনন, স্থায়ী বাঁধ নির্মাণ ও স্লুইসগেট স্থাপনের উদ্যোগও নিতে হবে।

কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে জেলার কৃষক ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ময়মনসিংহে আধুনিক কোল্ড স্টোরেজ ও হিমাগার স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।

জেএইচআর