দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন হচ্ছে ঈদুল আজহা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১২:১৫ পিএম
দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন হচ্ছে ঈদুল আজহা

প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় আজ বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ পরিবারের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেন।

বুধবার সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলির কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০-এর অধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদ, বোচাগঞ্জ উপজেলা এবং বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠ ও খয়েরবাড়ি দাখিল মাদরাসা মাঠে কয়েকশ মানুষ আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেন।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসল্লিদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৬ সালে এসে তা বেড়ে প্রায় এক হাজারে পৌঁছেছে।

এএন