পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক জমকালো শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোয় এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসকের বাংলোয় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সকলের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর অতিথিরা এক নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। এসময় সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। আজকের প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে রাজশাহীর মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাব।”
পবা-মোহনপুরের সংসদ সদস্য শফিকুল হক মিলন শুভেচ্ছা বিনিময়কালে অতিথিদের উদ্দেশ্যে বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এবং পবা-মোহনপুরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেন এবং একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন