কর্ণফুলীতে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:১১ এএম
কর্ণফুলীতে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা

চট্টগ্রামের কর্ণফুলীতে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা।

শুক্রবার বিকেলে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

গতকাল সংঘটিত এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং প্রায় পনেরো জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডা. নিশাত তাসনিম এবং স্যানিটারি ইন্সপেক্টর টিটু শীল। ডা. মোছাম্মৎ জেবুন্নেসা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত অবগত হন। তিনি আহতদের প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এদিকে, এই দুর্ঘটনার পর চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত গতি, অসচেতনভাবে গাড়ি চালনা, ট্রাফিক আইন অমান্য করা এবং অসতর্কভাবে রাস্তা পারাপারের কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী সকলকেই আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

কর্মকর্তারা আরও বলেন, একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণই কেড়ে নেয় না, বরং পুরো পরিবারকে দীর্ঘমেয়াদি শোক ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত গতিসীমা অনুসরণের বিকল্প নেই। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়কে এই অকাল প্রাণহানি কমিয়ে আনতে।

জেএইচআর