সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১২:২২ পিএম
সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে লুডু খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে স্থানীয় ইমারত মোল্লা ও প্রতিপক্ষ শাজাহান মৃধার দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। 

এসময় একই গ্রামের ফারুক মুন্সী এবং ইকরাম মাতুব্বরের ইন্ধনে ইমারত মোল্লার লোকজন তাদের হাতে থাকা হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা করে শাজাহান মৃধার দলের ৪ জনকে পিটিয়ে আহত করে। 

এর মধ্যে হামলায় শাজাহান মৃধার দলের এনায়েত মৃধা (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এএন