বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে তরুণ-কিশোররা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ের বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, অভিভাবকদের এগিয়ে এসে শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।
এ সময় অভিভাবকদের প্রতি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই সাফল্য প্রমাণ করেছে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাই বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়।
অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন প্রতিমন্ত্রী। পরে বিজয়ী ট্রফি ও ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় ব্যক্তিগতভাবে বোদা টু স্টার ফুটবল একাডেমিকে ২০ হাজার টাকা অনুদান দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, বোদা টু স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন