ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় পরিষ্কার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৩৬ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় পরিষ্কার

দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ ছিল মহাসড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান বলেন, “স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ময়লা পরিষ্কার করার পর এখানে ময়লা না ফেলার নির্দেশনা লিখে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে মহাসড়কের ওপর থেকে ময়লার ভাগাড় অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীরা। তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এএন