গুইমারায় গাঁজা ও সিএনজিসহ গ্রেপ্তার ৩

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:৫৫ পিএম
গুইমারায় গাঁজা ও সিএনজিসহ গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের জালিয়াপাড়া প্রবেশমুখের সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নয়ন মিয়া (২৯), পিতা: মো. হারুন আকন, গ্রাম: ইসলামপুর বড়দম (চেঙ্গি), বুড়িঘাট ইউনিয়ন; সোহেল চাকমা (২২), পিতা: মঞ্জু চাকমা এবং সিএনজি চালক বিপ্লব চাকমা (২২), পিতা: সোনাধন চাকমা। তাদের উভয়ের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের দার্যাছড়া এলাকায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের এ ধরনের তৎপরতা মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এম জি